খদ্দের না পাওয়ায় বন্ধ হয়ে গেল বিশ্বের প্রথম ন্যুডিস্ট রেস্টুরেন্ট। পনের মাস আগে প্যারিসে ও’ন্যাচেরাল নামে রেস্টুরেন্টটি চালু হয়।
ডেইলি মেইলকে ও’ন্যাচেরালের মালিক মাইক এবং স্টিফেন জানান, ফেব্রুয়ারি মাসে রেস্টুরেন্টটি তারা পুরোপুরি বন্ধ করে দেবেন।
২০১৭ সালে নভেম্বর মাসে খাবারের দোকানটি খুলে সাড়া ফেলে দেন ৪২ বছর বয়সী এ যমজ ভাই।
তারা বলেন,‘আমরা আমাদের ভালো সময়গুলো মনে করতে চাই আসলে। আমরা অনেক চমৎকার মানুষের দেখা পেয়েছি। অনেক খদ্দের আমাদের এখানে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন।’
এ দুই উদ্যোক্তা আরও বলেন, ‘বিশ্বের ন্যুডিস্ট বা দিগম্বর মানুষদের স্বাধীন জায়গায় অর্থাৎ ফ্রান্সে তারা এমন একটি রেস্টুরেন্ট খোলার সুযোগ পেয়েছেন।’
ন্যুডিস্ট বিচ বা অন্যান্য রিসোর্টগুলোতে শুধুমাত্র গ্রীষ্মকালে দিগম্ভর মানুষদের স্বাধীনতা ছিল। কিন্তু এ রেস্টুরেন্টটি সারা বছর উম্মুক্ত ছিল।
রেস্টুরেন্টটিতে ঢোকার সময় আলাদা একটি কক্ষে পোশাক খুলে ফেলতে হতো খদ্দেরদের। এমনকি খদ্দেরদের ফোনও রেখে দেওয়া হতো তাদের। খাবারের ঘরে যাওয়ার জন্য তাদেরকে এক জোড়া জুতা দেওয়া হতো। তবে মেয়েরা চাইলে হিলজুতা পরতে পারতো।
তবে মাইক ও স্টিফেন বলেন, ‘শীত মৌসুমে ফ্রান্সের সমুদ্র সৈকতগুলোর দোকানপাট প্রায়ই বন্ধ থাকে। হয়ত ভবিষ্যতের কোনো সময় এমন জায়গায় আমরা আবার রেস্টুরেন্টটি চালু করব।’
