ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত কুমিল্লার দাউদকান্দি ও মুন্সীগঞ্জের গজারিয়ায় দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। মেঘনা সেতুর পূর্ব দিকে সড়কের নির্মাণকাজ এবং নির্বাচনের পর মহাসড়কে যান চলাচল বাড়ায় এ যানজট তৈরি হয় বলে পুলিশ জানিয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
কুমিল্লা : মঙ্গলবার বিকেলের পর থেকে মেঘনা-গোমতী সেতু এলাকায় যান চলাচলে একপ্রকার স্থবিরতা নেমে আসে। গতকাল সকালে এর তীব্রতা আরও বেড়ে মহাসড়কের ঢাকামুখী অংশে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার অংশে প্রকট আকার ধারণ করে। সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে যানবাহন। গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বাড়ি ফিরে যেতে দেখা যায়।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘নির্বাচনের পর মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ আর মেঘনা সেতু এলাকায় নির্মাণকাজ চলায় মঙ্গলবার বিকেলে গোমতী সেতু পর্যন্ত যানজট ছিল। রাতে তা বেড়ে যায়। যানজট নিরসনে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
দাউদকান্দির খন্দকার মোশারফ হোসেন কলেজের এইচএসসি পরীক্ষার্থী শান্তা আক্তার বলেন, ‘প্রায় দিনই যানজটের কারণে আমরা কলেজে যেতে পারছি না। সামনে পরীক্ষা, কিন্তু যানজটের কারণে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করতে পারছি না।’
মুন্সীগঞ্জ : অতিরিক্ত যানবাহনের চাপে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ১৩ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে কয়েক হাজার যানবাহন। এ সময় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। গতকাল ভোর ৪টার দিকে যানজট প্রকট আকার ধারণ করে। দুপুর ২টার পরও এ সড়কে ছিল যানবাহনের তীব্র জট। উপজেলার জামালদী বাসস্ট্যান্ড-সংলগ্ন মেঘনা সেতু থেকে বাউশিয়ার পাখি পয়েন্ট মোড় পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ভোরের দিকে অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কে যানজট দেখা দেয়। জামালদী বাসস্ট্যান্ড থেকে বাউশিয়া পাখি পয়েন্ট মোড় পর্যন্ত এর তীব্রতা ছিল বেশি। এতে পণ্যবাহী ও যাত্রীবোঝাই বাসসহ কয়েক হাজার যানবাহন আটকা পড়ে।