গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কটূক্তি: ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেপ্তার

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০৫:৪৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক,পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে তানভির হাসান মোহন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাত পৌনে ১১টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার নলগোড়া গ্রাম থেকে তানভির হাসান মোহনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ বরিশালের স্টেশন কমান্ডার (সহকারী পুলিশ সুপার) দেবাশীষ কর্মকার জানান, তানভীর হাসান নিজ নামের ফেসবুক আইডির মাধ্যমে দীর্ঘদিন প্রধানমন্ত্রী, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সেতুমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কটূক্তি এবং ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করে আসছিল।

র‌্যাব বিষয়টি অনুসন্ধান করে তানভিরের পরিচয় নিশ্চিত করে। এর পর গত বুধবার রাতে অভিযান চালিয়ে মাদারীপুরের শিবচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, তানভির তার অপরাধের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মাদারীপুরের শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত