ভৈরবে মহাসড়কে বাস কাউন্টার বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ০৪:৩২ এএম

ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব অংশের সড়ক দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ বাস কাউন্টার। ওইসব কাউন্টার থেকে টিকিট কেটে প্রতিদিন সহস্রাধিক যাত্রী ঝুঁকি নিয়ে করছেন যাতায়াত। সড়ক দখল করে যাত্রী ওঠানামা করায় একদিকে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পারাপারসহ রাস্তায় দাঁড়িয়ে বাসে উঠতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হতাহত হচ্ছেন যাত্রীসহ পথচারীরাও। ঢাকা-ভৈরব-সিলেট, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ, ঢাকা-ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে ভৈরব একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। এসব মহাসড়কসহ এখান থেকে আঞ্চলিক আরও অর্ধশত শাখা ও জেলা শাখা সড়কে প্রতিদিন হাজার হাজার যাত্রীসহ পণ্যবাহী যানবাহন চলাচল করে। চলাচল করে কলকাতা-ঢাকা-আগরতলা সড়কের মৈত্রী বাস। পরিবহন মালিকদের স্বেচ্ছাচারিতায় রাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা, রাস্তার ওপর অবৈধ টিকিট কাউন্টার আর ভাসমান দোকানিদের দৌরাত্ম্যে বাসস্ট্যান্ড এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এলাকার সচেতন নাগরিকদের অভিযোগ, এসব অনিয়ম ও অব্যবস্থাপনার সঙ্গে রাজনৈতিক প্রভাবশালীরা জড়িত থাকায় প্রশাসন মূলত নীরব।  ভৈরব বাসস্ট্যান্ডকে যানজট ও দুর্ঘটনামুক্ত করতে অবৈধ কাউন্টার, স্থাপনা উচ্ছেদসহ বহুমুখী উদ্যোগ অচিরেই গ্রহণ করবেন বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত