মাদক ব্যবসা ছাড়তে মাদক কারবারিদের তিন দিনের আলটিমেটাম দিয়েছেন বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। গত বুধবার সন্ধ্যায় বাগেরহাট পৌরসভা মিলনায়তনে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আল্টিমেটাম দেন।
তন্ময় বলেন, ‘আপনাদের (মাদক কারবারি) হাতে দুই-তিনদিনের মতো সময় আছে। বাগেরহাটে কারা মাদক ব্যবসা করেন তারা চিহ্নিত। তাদের তালিকা আমার হাতে আছে। আমি ওই তালিকা কাউকে এখনো দিইনি। কাউকে বাগেরহাট ছাড়তেও বলিনি। এখানে মাদকের ভয়াবহতা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। গ্রামে গ্রামে পৌঁছে গেছে মাদক।’
তিনি বলেন, এখানে মাদকের কোনো স্থান দেওয়া হবে না। শিগগিরই প্রশাসনের বিশেষ বাহিনী তালিকা ধরে মাদক কারবারিদের ধরতে অভিযান শুরু করবে।
তরুণ এ সংসদ সদস্য বলেন, ‘নির্বাচনে অংশ নিয়ে আমি এলাকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সুন্দর বাগেরহাট গড়ে তুলব। এখন বাগেরহাট শহরকে আধুনিক উন্নত করে গড়ে তুলতে মাদক নির্মূল করাই হবে আমার প্রথম এবং প্রধান কাজ।’
বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
