বেশি পড়ালে আপনার মেয়েকে অন্য পুরুষ নিয়ে যাবে: আহমদ শফি

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১০:০৩ পিএম

হেফাজতে ইসলামির আমির শাহ আহমদ শফি মেয়েদের স্কুল-কলেজে পড়তে না দিতে এবং দিলেও সর্বোচ্চ ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়ানোর ওয়াদা নিয়েছেন।

শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের আল জামিআতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত ১৫ হাজারের অধিক মুসলমানের কাছ থেকে এমন ওয়াদা নেন।

আহমদ শফি বলেন, ‘আপনাদের মেয়েদের স্কুল-কলেজে দেবেন না। ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াতে পারবেন। আর বেশি যদি পড়ান... পত্র-পত্রিকায় দেখতেছেন আপনারা... মেয়েকে ক্লাস এইট, নাইন, টেন, এমএ, বিএ পর্যন্ত পড়ালে ওই মেয়ে কিছুদিন পর আপনার মেয়ে থাকবে না’।

তিনি বলেন, তাই আপনারা আমার সঙ্গে ওয়াদা করেন। বেশি পড়ালে আপনার মেয়েকে টানাটানি করে অন্য পুরুষ নিয়ে যাবে। এ ওয়াজটা মনে রাখবেন’। এ সময় উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানগণ হাত তুলে ওয়াদা করেন।

এ ছাড়া তিনি পুরুষদের সুন্নত মোতাবেক দাঁড়ি রাখা, নামাজ পড়া ও মেয়েদের পর্দা করানোর বিষয়ে উপস্থিত সবার কাছ থেকে হাত উঠিয়ে প্রতিশ্রুতি নেন।

পরে দোয়া পরিচালনার মাধ্যমে তিনি বক্তব্য শেষ করেন।

বার্ষিক মাহফিলে অতিথি ছিলেন, আল্লামা শেখ আহমদ, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা ফোরকান আহমদ মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত