পটুয়াখালী উপকূল অঞ্চল

আধুনিক পদ্ধতি না থাকায় সংকটে শুঁটকি শিল্প

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১১:১৪ পিএম

পটুয়াখালীর উপকূলীয় এলাকার শুঁটকির ব্যবসা এখনো মৌসুমনির্ভর। এখানে মাছ শুকানোর জন্য শুধু রোদের ওপর নির্ভর করতে হয়। শুঁটকি প্রক্রিয়াজাত করার আধুনিক পদ্ধতি না থাকায় বর্ষা মৌসুমে বসে থাকেন শ্রমিকরা। এছাড়া স্থায়ী পল্লী না থাকাসহ নানাবিধ সংকটে রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা বছরের ছয় মাস কর্মহীন থাকেন, পরবর্তী মৌসুম পর্যন্ত থাকতে হয় কর্মহীন। ফলে বাড়তে থাকে মহাজনের ঋণের বোঝা। এই পেশার সঙ্গে জড়িত শ্রমিকরা বলছেন, শুঁটকির আধুনিক প্রক্রিয়াজাত পদ্ধতি চালু, স্বল্প সুদে পর্যাপ্ত ঋণ ব্যবস্থা পেলে তাদের সংকট মুক্তি পাবে।

পটুয়াখালীর রাঙ্গাবালী, কলাপাড়া, কুয়াকাটাসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় অর্ধশত অস্থায়ী শুঁটকি প্রক্রিয়াজাত পল্লী ও শুঁটকি মার্কেট রয়েছে। এসব পল্লীতে ২৫০ মেট্রিক টন সামুদ্রিক মাছের শুঁটকি হয়। কোনো ধরনের কীটনাশক প্রয়োগ ছাড়াই পরিচ্ছন্নতার সঙ্গে রোদে শুকিয়ে বাজারজাত করা হয়। ফলে এখানকার শুঁটকির রয়েছে আলাদা সুখ্যাতি। দেশের বাজার ছাড়াও ব্যক্তি উদ্যোগে রপ্তানি হচ্ছে বিদেশে। স্থানীয় বাজারেও রয়েছে এর বারো মাস চাহিদা।

শুঁটকির চাঙ ব্যবসায়ীরা বলছেন, একেকজন ব্যবসায়ী গড়ে প্রায় ১০ লাখ টাকার পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করেন। অধিকাংশের পুঁজি বলতে এনজিও ঋণ আর মহাজনদের উচ্চ সুদের ধারদেনা।

শুঁটকির চাঙ ব্যবসায়ী হাসান হাওলাদার বলেন, রোদের ওপর নির্ভর করে মাছ শুকাতে হয়। তাই এ ব্যবসাটি মৌসুমনির্ভর রয়ে গেছে। এ মৌসুমে চাহিদানুযায়ী মাছের আমদানি থাকে না। বর্ষা মৌসুমে মাছের আমদানি খুব ভালো থাকে। স্থায়ী পল্লী থাকলে আধুনিক পদ্ধতিতে বর্ষা মৌসুমে মাছ শুকানো যেত।

পুঁজি সমস্যার কথা তুলে ধরে আক্ষেপ করে ব্যবসায়ী আনোয়ার শিকদার বলেন, ‘স্থানীয় ব্যাংকগুলো আবাসনসহ স্থায়ী ব্যবসায়ীদের লোন দিলেও আমাদের স্থায়ী পল্লী না থাকায় এবং মৌসুমিনির্ভর ব্যবসা হওয়ায় লোন দিচ্ছে না।’

শুঁটকি প্রক্রিয়াজাতকরণ পেশায় জড়িত জাহানারা বেগম জানান, সারাদিন খাটুনির পর ২৫০ থেকে ৩০০ টাকা বেতন পাই। বছরের বাকি সময়গুলো অনেকটাই কর্মহীন থাকতে হয়। ফলে যা পাই তাই অনেক বেশি।

পটুয়াখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, কলাপাড়া, কুয়াকাটা এবং রাঙ্গাবালীর শুঁটকি শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে মৎস্য বিভাগ। এরই মধ্যে কুয়াকাটা শুঁটকি পল্লীর ৩০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত