মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার হয়ে গোপনে কাজ করেছেন কি না, সেটি জানতে ২০১৭ সালে তদন্তে নামে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে।
হোয়াইট হাউজ এই খবরের সমালোচনা করে বলেছে, প্রতিবেদনটি হাস্যকর।
২০১৭ সালের মে মাসে এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাকড হওয়ার ঘটনা তদন্তে ভূমিকার কারণে কোমিকে বরখাস্ত করা হয়।
পরিচালক বরখাস্ত হওয়ার পর ট্রাম্পের রাশিয়া প্রীতি নিয়ে সন্দেহ প্রকাশ করেন আইনপ্রয়োগকারী কর্মকর্তারা। নিউইয়র্ক টাইমস বলছে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কি না সে বিষয় খতিয়ে দেখেছে এফবিআই।
তদন্ত এখন কোন পর্যায়ে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পত্রিকাটি।
এফবিআই’র ধারণা, রাশিয়ার স্বার্থ রক্ষার কারণেই জেমস কোমিকে বরখাস্ত করা হয়।
‘এটা হাস্যকর,’ মন্তব্য করে হোয়াইট হাউজের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স বলেন, ‘মিথ্যাবাদী জেমস কোমিকে বরখাস্ত করা হয় পক্ষপাতিত্বের জন্য। এর সঙ্গে প্রেসিডেন্টের কোনো স্বার্থ জড়িত ছিল না।’
