অবশেষে গ্রেপ্তার হলো অহনাকে জখম করা ট্রাক চালক

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০৬:২৪ পিএম

ঘটনার ৩দিন পর গ্রেপ্তার হলো অভিনেত্রী অহনাকে জখম করা ট্রাক চালক। সুমন নামের ওই চালককে ১২ জানুয়ারি আটক করা হয় বলে জানিয়েছে অহনার পরিবার। এর আগে ৯ জানুয়ারি ট্রাক চালকের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছিলেন অহনার বোন মিতু।

থানা সূত্রে জানা গেছে, শনিবার সকালে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালক সুমনকে। অপরদিকে শুক্রবার গ্রেপ্তার করা হয় ট্রাকের হেলপার রুমনকে। আশুলিয়ার খেজুরবাগান ও গাজিরচট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে বলে দেশ রূপান্তরকে  নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা। 

গত ৮ জানুয়ারি পুরান ঢাকার একটি অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে  ড্রাইভ করে উত্তরার বাসায় ফিরছিলেন অহনা। উত্তরা ৭ নম্বর সেক্টরে লেক ড্রাইভ রোডে রাত সোয়া তিনটার দিকে পাথর বোঝাই একটি ট্রাক অহনার গাড়িকে চাপা দিলে অহনা উত্তেজিত হয়ে গাড়ি থেকে বের হয়ে ট্রাকচালককে ট্রাক থেকে নামতে বলেন। কিন্তু ট্রাক চালক পেছনের গিয়ারে দিয়ে অহনার গাড়িকে আবারও চাপা দেয়।  এতে ক্ষুব্ধ হয়ে অহনা ট্রাকচালকের দরজায় উঠে তাকে নামতে জোর করেন। চালক তার কথায় পরোয়া না করে গাড়ি টান দেয়। অহনা তখন চালকের জানালা ধরে ঝুলতে থাকেন।

ট্রাকটি ১২ নম্বর সেক্টরে গিয়ে অহনাকে ফেলে দিতে জোরে বাঁক নেয়। কিন্তু সামলাতে না পেরে ট্রাকটিই বাম দিকে উল্টে পড়ে যায়। অহনা ছিটকে গিয়ে পাথর কুচির ওপর পড়েন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত