অজয় দেবগনের ‘দৃশ্যম’ ছবি দেখে খুনের পরিকল্পনা। তারপর পুলিশকে ফাঁকি দিতে নানা ফন্দিফিকির। শেষ পর্যন্ত পার পাননি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) চতুর নেতা জগদীশ করোতিয়া। ধরা পড়েছেন পুলিশের অভিনব প্রযুক্তি ‘বিইওএসে’র মাধ্যমে।
ব্রেইন ইলেকট্রিক্যাল ওসিলেইশন সিগনেচার বা বিইওএস এমন এক ধরনের প্রযুক্তি যা কোনো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে সাহায্য করে। অভিযুক্ত বয়ান দেওয়ার সময় ভুল তথ্য দিলে এই প্রযুক্তি মস্তিষ্কের অস্বাভাবিকতা ধরতে পারে।
ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত নিউরোসায়েন্স হাসপাতালের সাবেক প্রফেসর চম্পাদি রমন মুকুন্দন এটি আবিষ্কার করেন। এই প্রথম প্রযুক্তিটি ব্যবহার করে সফলতা পেল দেশটির পুলিশ।
বিজেপি নেতা জগদীশ দুই বছর আগে খুন করেন ২২ বছর বয়সী কংগ্রেস নেত্রী টুইঙ্কেল দাগরেকে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হিন্দি সিনেমা ‘দৃশ্যম’ দেখে উদ্বুদ্ধ হয়ে জগদীশ ও তার তিন ছেলে অজয়, বিজয় এবং বিনয় খুনের পরিকল্পনা সাজান। তাদের সাহায্য করেন জগদীশের বন্ধু নীলেশ কাশ্যপ।
ইন্দোর পুলিশের ডিআইজি সাংবাদিকদের বলেন, জগদীশের সঙ্গে সম্পর্ক ছিল টুইঙ্কেলের। একবার তিনি গর্ভবতীও হন। এরপর জগদীশকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন।
জগদীশের পরিবার বিষয়টি মেনে নিতে পারেনি। সেই থেকে ছেলেদের নিয়ে খুনের ছক সাজান তিনি।
২০১৬ সালের ১৬ অক্টোবর জগদীশ টুইঙ্কেলকে একটি পরিত্যক্ত জমির কাছে নিয়ে যান। তার নামে জমিটি কেনা হয়েছে বলে প্রলোভন দেখান। সেখানে নেওয়ার পর শ্বাসরোধ করে হত্যা করেন।
পরে লাশ পুড়িয়ে ফেলেন। একই সঙ্গে একটি কুকুর মেরে ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে পুড়িয়ে পুঁতে রাখেন।
পুলিশ প্রথমে টুইঙ্কেলের মা-বাবাকে সন্দেহ করে। কারণ বাড়ি ছাড়ার দিন তার বাবা তাকে মারধর করেন। এরপর বাবার নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে যান তিনি।
‘টুইঙ্কেল বাড়ি ছাড়ার সময় বাবার নামে অভিযোগ করে জগদীশকে একটি মেসেজ করেন,’ জানিয়ে ডিআইজি বলেন, ‘এই মেসেজ দেখে অভিভাবকের প্রতি আমাদের সন্দেহ সৃষ্টি হয়। সেখানেই অনেকটা সময় চলে যায়।’
রহস্য উন্মোচন করতে পুলিশের দেরি হয় কুকুরের কারণেও। জগদীশরা দাবি করেন, তারা সেদিন কোনো লাশ পোড়াননি। একটি কুকুর মেরেছেন।
এমন দোটানার ভেতর পুলিশ বিইওএস প্রযুক্তির সহায়তা নিতে বাধ্য হয়। টুইঙ্কেলের মা-বাবাসহ জগদীশদের বয়ান রেকর্ড করা হয়। সেখানে দেখা যায়, জগদীশ এবং তার ছেলেদের মস্তিষ্কের পালস অস্বাভাবিক। এরপর তাদের রিমান্ডে নিয়ে সব স্বীকার করানো হয়।
