রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় অতিরিক্ত মদ্যপানে টিটু মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার সকাল সোয়া ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নারীসহ আরও ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টিটু মিয়াকে হাসপাতালে নিয়ে আসা ভায়রা মিন্টু মিয়া জানান, খিলগাঁও মেরাদিয়া কবরস্থান রোডের ১২৯ নম্বর বাসায় থাকতেন টিটু। তার বাবার নাম মৃত আরিফুর রহমান। ফল বিক্রি করতেন টিটু মিয়া।
তিনি বলেন, ‘কবরস্থান রোডে তাদের বাসার পাশে একটি মাঠে শুক্রবার রাত ৯টার দিকে প্রতিবেশী জাকির ড্রাইভার নামের একজন মদ নিয়ে আসে। সেখানে টিটুসহ ১৪/১৫ জন বন্ধুবান্ধব মিলে মদ পান করে। পরে রাতে টিটু বাসায় অসুস্থ হয়ে পড়ে। কিন্তু মদপান করে অসুস্থতার কথা কাউকে বলতে নিষেধ করে। পরে অবস্থার অবনতি দেখে রোববার সকালে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য টিটু মিয়ার লাশটি মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় প্রতিবেশী ইমামুল হক (৩৫) স্ত্রী রোজিনা আক্তার (২৫), মমিন (৪০), খালেক (৫০), রাহেলা আক্তার ঝর্ণা (৩০) সকালে নিজেরাই হাসপাতালে আসেন। তারা মেডিসিন বিভাগে চিকিৎসাধীন। তাদের অবস্থা গুরুতর নয়।
