কেন আলিয়া-দীপিকা-আনুশকা-সোনাক্ষী’র ওপর খেপলেন কঙ্গনা?

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০৯:৫৭ পিএম

কঙ্গনা রানাউত। বলিউডের ব্যবসাসফল একাধিক ছবির নায়িকা। ঠোঁটকাটা হিসেবে তার একটা আলাদা পরিচিতি রয়েছে। তিনি যেমন অন্য নায়িকাদের প্রশংসা করেন আবার অন্য অনেকের সমালোচনাও করেন। এসব নিয়ে বিতর্কের মুখোমুখিও হতে হয় কঙ্গনাকে। এই নায়িকা এবার খেপেছেন তার সহ-কর্মীদের ওপর। সে তালিকায় রয়েছেন আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা ও সোনাক্ষী সিনহার নাম।

কী কারণে এই নায়িকাদের ওপর খেপলেন কঙ্গনা? জানা যায়, কঙ্গনা এই নায়িকাদের কাজের প্রশংসা করলেও তার কাজের কোনো প্রশংসা করেন না তারা। উল্টো তার নাম নেওয়া তো দূরে থাক বলিউডে কঙ্গনার অস্তিত্ব আছে এটাই স্বীকার করতে চান না অন্য বলিউড নায়িকারা। আর এসব কারণেই ওই নায়িকাদের ওপর চটেছেন কঙ্গনা।

ঘটনার সূত্রপাত তার অভিনীত ‘মণিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’-এর ট্রেলার প্রকাশের পর থেকে। মুক্তি প্রতীক্ষিত এ ছবিটির ট্রেলার প্রকাশের পর তিনি দেখেছেন যখন পুরো দুনিয়া‘মণিকর্নিকার’ প্রশংসায় পঞ্চমুখ তখন শুধু বলিউড নায়িকারাই এ ছবিটি নিয়ে রা করছেন না। অথচ তিনি অন্য নায়িকাদের যে কোনো ভালো সিনেমা দেখেই প্রশংসা করেছেন। এই অভিমান থেকেই কঙ্গনা ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড নায়িকাদের ওপর।

কঙ্গনা বলেছেন, আলিয়ার রাজি ছবি দেখে প্রশংসা করেছেন তিনি, আনুশকার ছবি দেখেও প্রশংসা করেছেন। দীপিকা পাড়ুকোনের ‘পিকু’,সোনাক্ষী সিনহার ‘লুটেরা’দেখে বাহবা দিয়েছেন। অথচ তার ছবি কোটি টাকার ব্যবসা করা সত্ত্বেও কেউ তার প্রশংসা করে না।

কঙ্গনা জানিয়েছেন, তার সঙ্গেই কেন এমন হয়, তা তিনি নিজেও তা জানেন না। বছরের সবচেয়ে প্রশংসিত ছবির তালিকায় তার ছবির নাম থাকা সত্ত্বেও তাঁকে ‘অস্তিত্বহীনতার’ শিকার হতে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত