সহপাঠীকে চুমু খাওয়ায় এক নারী শিক্ষার্থীকে বহিষ্কার করেছে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়।
দুইজনের ঘনিষ্ট মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সুন্নী মুসলিমদের বিখ্যাত এ প্রতিষ্ঠান।
চ্যানেল নিউজ এশিয়া জানায়, এ মাসের শুরুতে দুইজনের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়।
এতে দেখা যায়, এক যুবক হাঁটু গেড়ে এক তরুণীকে ফুল দিচ্ছেন। এতে তরুণী ওই যুবককে জড়িয়ে ধরে চুমু খেতে থাকেন। মূলত তাকে বিয়ের প্রস্তাব দেয় ওই যুবক, এমনটাই ধারনা করা হচ্ছে।
তবে শিক্ষার্থী দুইজন আল আজহারের হলেও এ ঘটনা ঘটেছে অন্যত্র। দেশের উত্তরাঞ্চলে মানসুরা বিশ্ববিদ্যালয়ে এ ভিডিও ধারণ করা হয়।
মানসুরার আল আজহারের ক্যাম্পাসের শৃঙ্খলা কমিটির মুখপাত্র আহমেদ জারি এফপি বলেন, ‘শনিবার এ নারী শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।’
তিনি বলেন, ‘এ ভিডিওচিত্র জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তার কারণে আল আজহারের প্রাতিষ্ঠানিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে।’
তার মতে, বিয়ের আগে নর-নারী মধ্যেকার এ আচরণ সমাজের মূল্যবোধ বিরোধী।
এদিকে ওই যুবককেও শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় তারা।
