চাঁদা না পেয়ে নারীদের পেটানো তাঁতীলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১০:০৩ এএম

বাগেরহাট শহরে চাঁদার টাকা না পেয়ে নারীসহ পাঁচজনকে পিটিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক লিটু দাসকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১০টায় বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গত শুক্রবার হামলায় আহত সাইদ শেখ বাদী হয়ে মডেল থানায় তাঁতীলীগ নেতা লিটুকে প্রধান আসামি করে মোট আটজনের বিরুদ্ধে মামলা করেন।

এর আগে গত শুক্রবার তাঁতীলীগ নেতা লিটু দাসের বিরুদ্ধে অসামাজিক ও সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এনে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে লিটু দাস ওই হামলার ঘটনায় জড়িত কিনা তা উল্লেখ করা হয়নি।

গত শুক্রবার সকালে বাগেরহাট শহরের রেলরোডের বস্তি এলাকায় চাঁদার ২০ হাজার টাকা না পেয়ে মারধর করে একই পরিবারের চার নারীসহ পাঁচজনকে আহত করে চাঁদাবাজরা।

আহতরা হলেন- দুই বোন মিতা আক্তার (১৬), আঁখি আক্তার (২১), চাচা সাইদ শেখ (৪০), মা আসমা বেগম (৪৩) ও ফুফু মুক্তা বেগম (৩০)।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাতাব উদ্দিন সোমবার সকালে এই প্রতিবেদককে বলেন, রোববার রাত দশটার দিকে পুলিশ সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁতীলীগ নেতা লিটু দাসকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার সকালে লিটুর নেতৃত্বে প্রকাশ্যে চাঁদার দাবিতে শহরের রেলরোড বস্তির সাইদ শেখের বাড়িতে গিয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হন। ওই হামলার মামলায় লিটু দাস এজাহারনামীয় প্রধান আসামি। অন্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত