ব্রিটিশ রাজপরিবারে নতুন অতিথি আসছে। এমন খবর আগে থেকেই শোনা যাচ্ছিল। ছয় মাসের অন্তঃসত্ত্বা মেগান মার্কেল এবার নিজেই মুখ ফসকে বলে ফেললেন, এপ্রিলে পৃথিবীতে আসবে তার প্রথম সন্তান।
২০১৮ সালের ১৯মে মার্কিন অভিনেত্রী মেগানকে বিয়ে করেন ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারি। ১৪ জানুয়ারি বাগদান-বার্ষিকী উপলক্ষে দুজনে স্থানীয় নাগরিকদের সঙ্গে দেখা করেন। সেখানেই মেগান সন্তান আসার খবর দেন।
ছেলে নাকি মেয়ে হবে, সে বিষয়ে মেগান নিশ্চিত করে কিছু বলেননি। শুধু বলেছেন, ‘হ্যারি আর আমি সারপ্রাইজের অপেক্ষায় আছি।’
মেগান এদিন ঘটা করে সন্তান আসার খবর দিতে চাননি। স্থানীয় নারীদের সঙ্গে আলাপকালে ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কথা বলে ফেলেন।
হ্যারি মেগানের দ্বিতীয় স্বামী। তার প্রথম স্বামীর নাম ট্রেভর এঙ্গেলসন। পেশায় ছবির প্রযোজক এই আমেরিকানের সঙ্গে ২০১১ সালে বিয়ের পিঁড়িতে বসেন। মাত্র দুই বছর পর, ২০১৩ সালে তারা আলাদা থাকা শুরু করেন। ওই বছরই হয় বিবাহবিচ্ছেদ।
