নৌপরিবহন খাতের সামগ্রিক উন্নয়ন ও জাহাজে চাকরিরত নাবিকদের কল্যাণে সব ধরনের সহযোগিতা করতে সরকার সচেষ্ট ও বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল মঙ্গলবার ঢাকায় নৌপরিবহন অধিদপ্তরের সভাকক্ষে চীনের উত্তর-পূর্ব সাগরে জাহাজডুবিতে নিহত দুই নাবিকের পরিবারের মাঝে চেক বিতরণকালে তিনি এ কথা বলেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি নাবিকদের জাহাজে চাকরিকালে যেকোনো দুর্ঘটনায় ক্ষতিপূরণ ও নাবিকদের সমস্যাসমূহ সমাধানের জন্য নৌপরিবহন অধিদপ্তর সবসময় আন্তরিক।
২০১৮ সালে ৬ জানুয়ারি চীনের উত্তর-পূর্ব সাগরে দেশটির মালবাহী জাহাজ এমভি ক্রিস্টালের সঙ্গে সংঘর্ষে ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন জাহাজ এমটি সানচিতে আগুন লাগে। এতে জাহাজটি ঘটনাস্থলেই ডুবে যায়। এ ঘটনায় ইরানের ৩০ জন এবং বাংলাদেশের ২ জন নাবিক নিহত হন। বাংলাদেশি ওই দুই নাবিক হলেন সজীব আলী মৃধা ও মোহাম্মদ হারুন অর রশিদ। গতকাল রশিদের পরিবারকে ১ কোটি ১৯ লাখ ৫৯ হাজার ১৩৩ টাকা এবং সজীবের পরিবারকে ৮৭ লাখ ৩৯ হাজার ২০৫ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।
×
