নড়াইলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রুম্মান হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের বিরুদ্ধে নড়াইল, যশোর, অভয়নগর ও খুলনার ফুলতলা থানায় দায়েরকৃত খুন, ডাকাতিসহ ১৩ মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বলেন, নড়াইল-গোবরা-নওয়াপাড়া সড়কের কাড়ারবিল এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও তাদের ওপর পাল্টা গুলি চালায়।
দুই পক্ষের মধ্যে গোলাগুলির একপর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমান মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় তিন পুলিশ সদস্য সোহাগ, মফিজুল ও নাজমুল আহত হয়েছেন। তাদের নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে খোঁজ নিয়ে নিহতের পরিচয় পাওয়া যায়। নিহত রুম্মান নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের মুধুরগাতি গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। তার নামে নড়াইল সদর থানা, যশোর কোতোয়ালি, পার্শ্ববর্তী অভয়নগর ও খুলনা জেলার ফুলতলা থানায় খুন, ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।
