বাগেরহাটের রামপালে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে আরেক ট্রাকের সহকারী আব্দুর রহিম (১৭) নিহত হয়েছেন। আহত হন চালক শামীম শেখ (৩০)। বুধবার সকালে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার কদমদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম (১৭) গোপালগঞ্জ সদর উপজেলার বলাকৈড় গ্রামের শান্ত মোল্লার ছেলে।
বাগেরহাট মহাসড়ক পুলিশের কাটাখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মলায়েন্দ্র নাথ রায় বলেন, বুধবার সকালে গোপালগঞ্জ থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি প্লাস্টিকের ব্যারেলবোঝাই ট্রাক মহাসড়কের কদমদী এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে জোরে ধাক্কা দেয়।
এতে ট্রাকের বাঁপাশে বসে থাকা চালকের সহকারী আব্দুর রহিম আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের চালক শামীমও আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এসআই আরও বলেন, দুর্ঘটনার শিকার ট্রাক চালকের অসাবধানতার কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
