এখন থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার তদন্ত করতে পারবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের মাদক-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক-১ শাখার উপসচিব মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (২০১৮ সালের ৬৩ নং আইন)-এর ধারা ৩০-এর উপধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক, পরিদর্শক ও উপ-পরিদর্শকরা এই আইনের অধীন অপরাধ তদন্ত করতে পারবেন। তদন্তের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পুলিশের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ক্ষমতা প্রদান করা হলো।’
×
