মালামাল লুটে দম্পতিকে চলন্ত বাস থেকে ফেলে দিল ছিনতাইকারীরা

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০৫:৩৩ পিএম

সাভারে যাত্রীবাহী বাসে এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সঙ্গে থাকা মালামাল লুট করে চলন্ত বাস থেকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

আহতরা হলো- ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কানারচর কদমতলী এলাকার মোনায়েম হোসেনের ছেলে মো. হাসান (২৭) ও তার স্ত্রী মহুয়া আক্তার (১৯)। শনিবার দুপুরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজের কাছে চলন্ত বাস থেকে ওই দম্পতিকে আহত অবস্থায় ফেলে দেয় ছিনতাইকারীরা।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এবিএম মনিরুজ্জামান বলেন, রাত সাড়ে ১২ টার দিকে এক দম্পতিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় তাদের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত হাসান জানান, তারা স্বামী-স্ত্রী মিলে যশোর বেড়াতে যাচ্ছিলেন। এ জন্য রাত ১২ টার দিকে সাভারের হেমায়েতপুর থেকে একটি সবুজ রঙের বাসে করে সাভার বাস কাউন্টারে আসছিলেন। বাসটি ছাড়ার পর পরই যাত্রীবেশী কয়েকজন ছিনতাইকারী তাদেরকে মারধর করে স্ক্রু ড্রাইভার এবং ধারালো ছুড়ির আঘাতে সারা শরীর ক্ষতবিক্ষত করে ফেলে। এ সময় ছিনতাইকারীরা তাদের নিকট থাকা নগদ ত্রিশ হাজার টাকা, ল্যাপটপ ও মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নিয়ে ব্যাংক টাউন ব্রিজের কাছে আসলে চলন্ত বাস থেকে ফেলে দেয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে ছিনতাইকারী চক্রের সদস্যদের আটকের পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত