দুই পুলিশকে কোপাল আসামির পরিবারের নারীরা

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০৯:৪৭ পিএম

বাঁশখালীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। হামলায় আহত এক পুলিশ সদস্যকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই প্রদীপ চক্রবর্তী ও এএসআই নুরুন্নবী টিপু। প্রদীপ চক্রবর্তীকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া, আহত নুরুন্নবী টিপু বাঁশখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার দুপুর ১২ টার দিকে পৌর সদরের দক্ষিণ জলদি গ্রামের জাকের হোসেনের পুত্র  পলাতক আসামি জমির উদ্দীন প্রকাশ ওরফে কালু ডাকাতকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ির মহিলারা এসে এএসআই প্রদীপ চক্রবর্তীকে পেছন থেকে দা দিয়ে কুপিয়ে আহত করে।

পরে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে হামলাকারী কালু ডাকাতের মাকে থানায় নিয়ে আসে। এ সময় ওই বাড়িতে কোন পুরুষ সদস্য ছিলেন না।

পুলিশ সূত্র জানায়, কালুর বিরুদ্ধে চট্টগ্রামের চন্দনাইশ থানায় করা মামলা রয়েছে। ওই মামলায় পলাতক আসামি হিসেবে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও মালামাল ক্রোকের সমন জারি করেছেন।

পুলিশ জানায়, আদালতের সমনের পরিপ্রেক্ষিতে আসামি ধরতে গেলে বাড়ির মহিলারা পেছন থেকে পুলিশের ওপর হামলা করে। তাদের দায়ের কোপে প্রদীপ চক্রবর্তীর মাথায় আঘাত পেয়ে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন ও বাকি পুলিশ সদস্যরা ঘটনাস্থল হতে তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে। অবস্থার আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক আয়েশা মুনমুন তাকে সাড়ে ১২ টার দিকে চকেম হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় আহত অপর পুলিশ সদস্য এএসআই নুরুন্নবী টিপু বাঁশখালী হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বাকিদের আটক করার প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত