রাজবাড়ীর ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কোচিং ক্লাস করার শর্তে দশম শ্রেণিতে ভর্তি এবং অন্য ক্লাসে অতিরিক্ত সেশন ফি গ্রহণের অভিযোগ উঠেছে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলামের বিরুদ্ধে। জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম দশম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছেন বাধ্যতামূলক কোচিং ক্লাস করতে হবে। এর জন্য প্রত্যেক শিক্ষার্থীকে মাসে দিতে হবে ৬শ’ টাকা। এতে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একাধিক অভিভাবক জানান, বিদ্যালয়ে পাঠদানে মনোযোগী না হয়ে শিক্ষকরা অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য কোচিং ক্লাসের ফাঁদ পেতেছেন। বিদ্যালয়ে নিয়মিত ক্লাস ও শিক্ষার্থীদের প্রতি শিক্ষকরা আন্তরিক হলে কোচিং ক্লাসের প্রয়োজন হওয়ার কথা না। বর্তমান সরকার যেখানে প্রাইভেট টিউশন ও কোচিং বন্ধে নানা উদ্যোগ নিচ্ছে, সেখানে খোদ সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের কোচিংয়ে বাধ্য করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক দেশ রূপান্তরকে বলেন, ‘আমার ছেলে ভালো রেজাল্ট করে নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে উঠেছে। অথচ কোচিংয়ে আমি রাজি না হওয়ায় আমার ছেলেকে দশম শ্রেণিতে ভর্তিতে আপত্তি করেন প্রধান শিক্ষক। কী আর করব, পরে কোচিংয়ের শর্তে রাজি হয়ে দশম শ্রেণিতে ভর্তি করেছি।’
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, কোচিং বাধ্যতামূলক করা হয়েছে এ অভিযোগ মিথ্যা। নবম শ্রেণির ১১১ জন শিক্ষার্থীর মধ্যে সব বিষয়ে কৃতকার্য হয়ে দশম শ্রেণিতে উঠেছে ৫৬ জন। ১/২ বিষয়ে অকৃতকার্য হয়েছে ৫২ জন। ওই ৫২ জনের ভর্তির ক্ষেতে কোচিং বাধ্যতামূলক করা হয়েছে। তিনি বলেন, শিক্ষা কর্র্তৃপক্ষের এ ধরনের নির্দেশনাও আছে। এক্ষেত্রে ওই সব শিক্ষার্থীর অভিভাবক যদি লিখিত দেয় নির্বাচনী পরীক্ষায় কোনো বিষয়ে অকৃতকার্য হলে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের অনুরোধ করবেন না, তবে তাদের ভর্তি করা হবে। অতিরিক্ত সেশন ফির বিষয়ে তিনি বলেন, সরকার নির্দেশিত সেশন চার্জের চেয়ে এখানে কম নেওয়া হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান জানান, নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থী বা অভিভাবককে চাপ দিয়ে কোচিং ক্লাস নেওয়া যাবে না। কোনো দুর্বল শিক্ষার্থীর অভিভাবকের সদিচ্ছা থাকলে একটি বিষয়ে অনধিক ১৫০ টাকা নিয়ে অতিরিক্ত ক্লাস নিতে পারে বিদ্যালয় কর্র্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
