এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জের রিটের উপস্থাপন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০৭:৩২ পিএম

নতুন সংসদ সদস্যেদের (এমপি) শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। এর আগে দশম জাতীয় সংসদ ভেঙে না দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথ চ্যালেঞ্জ করে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছিলেন হাইকোর্টের অন্য একটি বেঞ্চ।

রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি গ্রহণ করেন। সোমবার এর ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী একেএম এহসানুর রহমান।

আদালতে আবেদনটি উপস্থাপন করেন রিটকারীর আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। তার সঙ্গে ছিলেন আইনজীবী এ কে  এম এহসানুর রহমান।  

এর আগে গত ১৬ই জানুয়ারি আবেদনের ওপর শুনানি নিয়ে ১৭ই জানুয়ারি এক আদেশে রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আইনজীবী একেএম এহসানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘আজ আগের বেঞ্চে আবেদনটি পুনরায় শুনানির জন্য উপস্থাপনের আবেদন করা হলে তা শুনতে অপারগতা প্রকাশ করেন আদালত। পরে ওই বেঞ্চে এটি উপস্থাপন করা হয়।’

সংবিধান অনুযায়ী দশম জাতীয় সংসদ ভেঙে না দিয়ে একাদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ সংবিধানের পরিপন্থী উল্লেখ করে গত ৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদের পক্ষে জাতীয় সংসদের স্পিকার, সিইসি ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। নোটিশের জবাব না পাওয়ায় ওই শপথ গ্রহণকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত