দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও ওয়ানডে সিরিজে দারুণ শুরু পেয়েছে পাকিস্তান। পোর্ট এলিজাবেথে শনিবার স্বাগতিকদের ৫ উইকেটে হারায় সফরকারী দল। সিরিজে এখনো চার ওয়ানডে বাকি। ফলাফল কি দাঁড়ায় সেটি আন্দাজ করাই মুশকিল। বিশেষ করে এই পাকিস্তানই যখন টেস্টে ধবলধোলাই হয়েছে প্রোটিয়াদের কাছে।
কিন্তু এই একটা জয়েই টেস্টের হতাশা যে কাটিয়ে ওঠার চেষ্টা করছে পাকিস্তান তা শোয়েব মালিকের কথাতেই পরিষ্কার। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক তো ভাবনাকে টেনে নিয়ে গেছেন অনেক দূর পর্যন্ত। তার মতে পাকিস্তানের অনেক ভালো সম্ভাবনা আছে ২০১৯ বিশ্বকাপ জয়ের।
তবে শোয়েব মালিক স্বপ্নের কথা বলতে চেয়েছেন বাস্তবতার জমিতে পা রেখেই, ‘‘আমি বিশ্বাস করি টুর্নামেন্ট (২০১৯ বিশ্বকাপ) জয়ের খুব ভালো সম্ভাবনা আছে আমাদের। কিন্তু ভালো সুযোগ মানেই সব না। আমরা প্রতি ম্যাচে কীভাবে খেলব, বিশ্বের অন্য দেশগুলোর বিপক্ষে কীভাবে পারফর্ম করব সেটি নির্ধারণ করে দেবে আমরা কত দূর যাব।’’
স্কাই স্পোর্টসকে মালিক আরো বলেন, ‘‘হ্যাঁ, আমাদের বিশ্বকাপ জয় করার সামর্থ্য আছে। কিন্তু সামর্থ্যই আপনাকে সব দেবে না। পারফর্ম করতে হবে। আমাদের সেরা ওয়ানডে বোলার ও ব্যাটসম্যানদের অন্তর্ভুক্তির সুযোগ আছে। ব্যক্তিগতভাবে আমি ২০১৯ বিশ্বকাপকে স্মরণীয় করতে উন্মুখ।’’
৩৬ বছর বয়সী মালিক ২৭৫ ওয়ানডেতে ৭২৯৬ রান করেছেন। ইতিমধ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন। শুধুই সীমিত ওভারের ক্রিকেট খেলে চলেছেন। বিশ্বকাপের পরই ক্রিকেটকে বিদায় বলে দেবেন মালিক, এমনটা জানিয়েছেন আগেই। কিন্তু ফিটনেস ধরে রেখে যেভাবে এগিয়ে চলেছেন, তাতে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন অনায়াসেই। তা অবসরের ভাবনায় কি বদল আনবেন পাকিস্তানি অলরাউন্ডার?
মালিক বলেন, ‘‘আমার অবসরের সিদ্ধান্ত ফিটনেসের সঙ্গে সম্পর্কিত নয়। যদিও এটা অবশ্যই একটা বিবেচনার বিষয়। আসল পয়েন্ট হচ্ছে, আমার দেশের জন্য শেষ ম্যাচ পর্যন্ত আমি মূল্যবান হতে চাই। আমার জীবন এবং কাজের মধ্যে ভারসাম্যটা জরুরি। পরিবারকে সময় দেওয়াটাও। এই মুহূর্তে আমার ভাবনা বদলানোর সুযোগ নেই।’’
‘‘কিন্তু আমরা সবাই জানি ২০২০ সাল অনেক বড় বছর আমার ফেভারিট ফরম্যাটের জন্য। আমরা আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ পেতেও পারি। তাই আপনি এখনই কিছু বলতে পারবেন না।’’
