সুন্দরবনে পৃথক অভিযান

হরিণের মাংস চামড়া উদ্ধার, পোনাসহ তিনটি ট্রলার জব্দ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০১:২১ এএম

মোংলার সুন্দরবনের আমবাড়িয়া এলাকা থেকে হরিণের মাথা, চামড়া ও মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল রবিবার ভোরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তর (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লে. আল মাহমুদ জানান, কোস্টগার্ডের হাড়বাড়িয়া স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমবাড়িয়া খাল এলাকায় অভিযান চালায়।

এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা বনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে চোরাশিকারিদের ফেলে যাওয়া ৮ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা ও ১টি চামড়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাংস, মাথা ও চামড়া রবিবার দুপুরে বন বিভাগের জোংড়া কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে তাদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা করা হবে বলে জানিয়েছেন চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহিন কবির। শাহিন কবির আরও বলেন, কোস্টগার্ডের উদ্ধার করে দেওয়া হরিণের মাংস, চামড়া ও মাথা মাটিচাপা দেওয়া হয়েছে।

এ ছাড়া কোস্টগার্ডের নলিয়ান আউটপোস্টের সদস্যরা পশ্চিম সুন্দরবনের শিবসা নদী এলাকায় অভিযান চালিয়ে ৩টি ট্রলারসহ ১ কোটি ৭২ লাখ ফাইসা মাছের পোনা জব্দ করেছে। গতকাল দুপুরে এসব জব্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত