বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গত বছরের ১৬ অক্টোবরের সিদ্ধান্ত অনুযায়ী গ্যাসের উৎপাদন, সঞ্চালন ও বিতরণের চার্জ বৃদ্ধি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। বিইআরসির চেয়ারম্যান, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ চারজনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জোতির্ময় বড়ুয়া। তিনি জানান, গত বছরের ১৬ অক্টোবর বিইআরসি গ্যাসের উৎপাদন, সঞ্চালন ও বিতরণের চার্জ বৃদ্ধি করে। গত বছরের জুনে এ বিষয়ে গণশুনানির সময় দাম না বাড়ানোর কথা বলা হয়েছিল। কিন্তু এর তোয়াক্কা না করে কৌশলে গ্যাসের দাম না বাড়িয়ে উৎপাদন, সঞ্চালন ও বিতরণের মূল্য বাড়ানো হয়েছে।
×
