চার বছরের সাজাপ্রাপ্ত হুদার জামিন, কারামুক্তিতে বাধা নেই

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১১:৩০ এএম

দুর্নীতির মামলায় চার বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে।

হাইকোর্টের দেওয়া সাজার রায়ের বিরুদ্ধে হুদার করা লিভ টু আপিল মঞ্জুর করে সোমবার এই আদেশ দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, আপিল বিভাগের এই আদেশের ফলে কারাগারে থাকা নাজমুল হুদার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

হুদার আইনজীবী সিগমা হুদা বলেন, নাজমুল হুদার করা লিভ টু আপিল মঞ্জুর করেছেন আদালত। জরিমানা স্থগিত করে তাকে আদালত জামিন দিয়েছেন। তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

প্রসঙ্গত, আত্মসমর্পণ করার পর জামিনের আবেদন নাকচ করে গত ৬ জানুয়ারি হুদাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার বিশেষ জজ-২ আদালতের বিচারক।

নিম্ন আদালত ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এই মামলায় হুদাকে সাত বছরের সাজা দিয়েছিল। পরে ২০১৭ সালে সাজা কমিয়ে চার বছর করে হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত