ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ৪ বছরের শিশু কন্যা খুন হয়েছে। এতে আরও ৪ জন আহত হয়েছেন। সোমবার সকাল প্রায় ১০টার দিকে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম আমেনা বেগম। সে ধরমন্ডল গ্রামের হারুন মিয়ার মেয়ে। এ ঘটনায় হারুন মিয়াসহ আহত হয়েছেন- সেলিনা আক্তার (২৮), মোছা. ছালেকা (৫০), বেদনা খাতুন (৩০)।
জানা যায়, জমি নিয়ে আজ সকালে হারুন ও রোমানের মধ্যে কাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এর জের ধরে স্থানীয় জসিমের লোকজন রোমানের পক্ষ নিয়ে হারুনকে মারধর করে। হারুনকে বাঁচাতে তার ৪ বছরের মেয়ে আমেনা বেগম এগিয়ে আসলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পেটের ডান পাশে আঘাতজনিত কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে নাসিরনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশুটির মৃত্যুর পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুর রহমান জানান, এর আগেও একটি হত্যাকাণ্ডের ঘটনায় রোমানের দল হারুনের দলের লোকজনকে আসামি করে মামলা করে। মামলার পর হারুনের বাড়িঘরও ভাঙচুর করা হয়। আমেনা খুনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
