ভৈরবে প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১২:০৭ এএম

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মফিজ উদ্দিন খানের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় গ্রাহকরা সম্প্রতি তার অপসারণ দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন।

গ্রাহকদের অভিযোগ, মফিজ উদ্দিন খান ২০০৯ সালে শিমুলকান্দি বিদ্যুৎ সরবারাহ কেন্দ্রে যোগদান করার পর এলাকায় একটি দালালচক্র গড়ে তোলেন। তিনি তাদের মাধ্যমে নতুন লাইন সংযোগ দেওয়া এবং মেরামতের নামে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এলাকায় কোনো কল-কারখানায় বৈদ্যুতিক সংযোগ নিতে চাইলে দালালদের মাধ্যমে মোটা অংকের ঘুষ আদায় করেন। দাবি করা টাকা পরিশোধ করতে না পারলে টালবাহানা করে মাসের পর মাস গ্রাহকদের হয়রানি করেন।

উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইব্রাহিম মিয়া বলেন, গত কয়েক মাস আগে তার ভাই ইদু মিয়া একটি বরফকলের জন্য বৈদ্যুতিক সংযোগের আবেদন করলে তার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন প্রকৌশলী মফিজ। দাবি করা টাকা না দেওয়ায় সংযোগ না দিয়ে মাসের পর মাস হয়রানি করছেন। জানতে চাইলে ভৈরব বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম অভিযোগগুলো খতিয়ে দেখার আশ্বাস দেন।

গ্রাহক ও জনপ্রতিনিধিদের বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী মো. মফিজ উদ্দিন খান গতকাল দেশ রূপান্তরকে বলেন, শ্রীনগর এলাকার এক বাসিন্দা নিয়ম বহির্ভূতভাবে বিদ্যুৎ সংযোগ চাইলে না দেওয়ায় বিদ্যুৎ কার্যালয়ের কিছু কর্মচারীর যোগসাজশে তার বিরুদ্ধে অপ্রপচার চালাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত