সাত সকালেই ফেডারেশনে হাজির বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু। আগেই ঘোষণা দিয়েছিলেন আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি হবে জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। বঙ্গবন্ধু স্টেডিয়াম বরাদ্দ চেয়ে সেই ডিসেম্বরে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠিও দিয়েছিলেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেওয়া অনুলিপিও দেখালেন উপস্থিত সাংবাদিকদের। অথচ বাফুফে কি না ২৪ ও ২৫ জানুয়ারি বিকেল ৪টায় রেখেছে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্টু বলেন, ‘বছরে মাত্র ৮ থেকে ১০ দিন এই ভেন্যুটা আমরা ব্যবহার করি। বাকি সময় বাফুফের অধীনে থাকে। এই সময়টুকুও যদি না পাই তাহলে কীভাবে হবে?’
এ নিয়ে বাফুফের বক্তব্য অবশ্য অন্যরকম। তাদের দাবি, জাতীয় ক্রীড়া পরিষদ সমন্বয়ের ভিত্তিতে দুই ফেডারেশনকে এই ভেন্যুর বরাদ্দ দিলেও অ্যাথলেটিক্স ফেডারেশন তাদের সঙ্গে কোনো যোগাযোগই করেনি এ বিষয়ে। এ নিয়ে গোটা দিনভর চলেছে দেন দরবার। অবশেষে বাফুফের পক্ষে কম্পিটিশন্স ম্যানেজার জাবের বিন তাহের আনসারী অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করে একটি সমাধানে পৌঁছেছেন। জাবের বলেন, ‘আমরা নির্ধারিত দিনেই ম্যাচ পরিচালনা করব। তবে বিকেল ৪টার স্থলে ম্যাচ হবে রাতে। আসলে বিষয়টি নিয়ে আগে থেকে কথা বলে নিলেই হতো।’
