আইসিসির বর্ষসেরায় সবাইকে ছাড়িয়ে কোহলি

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০২:৩৭ পিএম

দারুণসব স্বীকৃতিতে ভাসছেন বিরাট কোহলি। ২০১৮ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার (স্যার গারফিল্ড সোবার্স ট্রফি) জিতে নেওয়ার পাশাপাশি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

কোহলিই প্রথম ক্রিকেটার যিনি একসাথে এই তিন পুরস্কার জিতলেন। শুধু তাই নয়, আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন এই ব্যাটিং সেনশেসন। এই নিয়ে টানা দুবছর স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তাদের বিবৃতিতে জানিয়েছে, “প্রথম খেলোয়াড় হিসেবে কেবল এই তিন পুরস্কারই জেতা নয়, বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কও হয়েছেন তিনি।”

গত বছর ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই হাজারের বেশি রান করেছেন কোহলি। সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে ১৩ ম্যাচ খেলে ৫৫.০৮ গড়ে করেছেন ১৩২২ রান। এর মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি।

ওয়ানডে ক্রিকেটে মাত্র ১৪ ম্যাচ খেলে করেছেন ১২০২ রান। এর মধ্যে সেঞ্চুরি ছিল ছয়টি; গড় ছিল অবিশ্বাস্য, ১৩৩.৫৫! এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ ম্যাচে ৩০ গড়ে করেন ২১১ রান।

এর আগে ২০১৭ সালে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জেতার পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার পুরষ্কার জিতেছিলেন কোহলি। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন ২০১২ সালেও।

আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ:

০১. টম ল্যাথাম (নিউ জিল্যান্ড)

০২. দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা)

০৩. কেইন উইলিয়ামসন (নিউ জিল্যান্ড)

০৪. বিরাট কোহলি (অধিনায়ক, ভারত)

০৫. হেনরি নিকোলস (নিউ জিল্যান্ড)

০৬. রিশাভ পান্ত (উইকেটকিপার,ভারত)

০৭. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)

০৮. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)

০৯. নাথান লায়ন (অস্ট্রেলিয়া)

১০. জাসপ্রিত বুমরাহ (ভারত)

১১. মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)

 

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ:

১. রোহিত শর্মা (ভারত)

২. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)

৩. বিরাট কোহলি (অধিনায়ক-ভারত)

৪. জো রুট (ইংল্যান্ড)

৫. রস টেলর (নিউজিল্যান্ড)

৬. জশ বাটলার (উইকেটকিপার-ইংল্যান্ড)

৭. বেন স্টোকস (ইংল্যান্ড)

৮. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)

৯. রশিদ খান (আফগানিস্তান)

১০. কুলদ্বীপ যাদভ (ভারত)

১১. জাসপ্রিত বুমরাহ (ভারত)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত