ছাগলনাইয়া সীমান্তহাটে অনির্দিষ্ট কালের ধর্মঘট

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০৫:৫৫ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় বাংলাদেশ-ভারত সীমান্ত হাটে অনির্দিষ্ট কালের ধর্মঘট ডেকেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট ডাকার কারণে বন্ধ রয়েছে বাজারের সব কার্যক্রম।

বিএসএফ এর কড়াকড়ির কারণে সীমান্তহাটে ভারতীয় ব্যবসায়ীরা কোটি টাকার পণ্য বিক্রি করতে পারলেও, বাংলাদেশি ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়ে আসছিলেন। এর সমাধান চেয়ে এই ধর্মঘটের ডাক দেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

এদিকে দুই দেশের কর্মকর্তাদের যৌথ বৈঠকের মাধ্যমে সংকটের সমাধান হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, ২০১৫ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম ও ভারতের শ্রীনগর সীমান্তের দুই দেশের সম্প্রীতি ও বাণিজ্য প্রসারে সীমান্তহাট চালু হয়। হাটের শুরুতে দুই সীমান্তের আশপাশের পাঁচ কিলোমিটারে বসবাসরত গ্রামবাসীদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেচাকেনার উদ্দেশ্যে ২৭জন করে ব্যবসায়ীকে স্থান বরাদ্দ দেয় হয়।

ভারতীয় বিএসএফ এর কড়াকড়ির কারণে সীমান্তহাট থেকে ভারতীয়দের উপস্থিতি কমে যাওয়ায় ও কম পণ্য ক্রয় করতে বাধ্য করায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। অন্যদিকে প্রতি মঙ্গলবার ভারতীয় ব্যবসায়ীরা কোটি টাকার পণ্য বিক্রি করছেন বাংলাদেশি ক্রেতাদের কাছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনকে একাধিক বলেও কোন সুরাহা না হওয়া ১৫ জানুয়ারি বিক্ষোভ করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। পরে মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দেয় স্থানীয় ব্যবসায়ীরা।

সীমান্তহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান জানান, আজ (মঙ্গলবার) সকাল ৯ টা থেকে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছি। তিনি জানান তাদের দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জমান জানান, সমস্যা নিরসনে আলোচনা চলছে। শিগগিরই দুই দেশের সংশ্লিষ্টদের নিয়ে যৌথ ভাবে পতাকা বৈঠকে বসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত