ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো ২০১৮ সালের পারফরম্যান্সের ওপর সেরাদের নির্বাচন করেছে। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান। টেস্ট দলে অবশ্য বাংলাদেশ থেকে জায়গা হয়নি কারো।
তবে ওয়ানডেতে মোস্তাফিজ ছাড়াও ক্রিকইনফোর নজর কেড়েছেন আরো কয়েকজন। বছরের সেরা পারফরম্যান্সের তালিকায় আছেন মাশরাফী বিন মোর্ত্তজা, মুশফিকুর রহিম ও লিটন দাস।
ওয়ানডেতে ২০১৮ সালের সেরা ইনিংসের তালিকায় আছে মুশফিক ও লিটনের নাম। আর সেরা বোলিং পারফরম্যান্সের তালিকায় জায়গা পেয়েছেন মাশরাফী।
গেল বছর দুবাইয়ে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। সেই ইনিংসটির জন্যই জায়গা পেয়েছেন তিনি। এশিয়া কাপের ফাইনালে ১২১ রানের ইনিংস খেলেন লিটন দাস। যে ইনিংসটিও জায়গা পেয়েছে বছরের সেরা ওয়ানডে ইনিংসের তালিকায়।
আর ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ওয়ানডেতে বল হাতে ৩৭ রানে ৪ উইকেট নিয়ে দলকে জয় উপহার দেন মাশরাফী। সেই পারফরম্যান্সটিই ক্রিকইনফোর বিচারের বছরের সেরা পারফরম্যান্সের তালিকায় জায়গা করে দিয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে।
এবার প্রথমবারের মতো টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে উঠেছে বিরাট কোহলির।
