প্রতীকের ‘আত্মহত্যায়’ জড়িতদের বিচার দাবি ঢাবিতে

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০১:৫২ এএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের ছাত্র তাইফুর রহমান প্রতীকের ‘আত্মহত্যায় প্ররোচনাকারীদের’ বিচারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ‘অপরাজেয় বাংলার’ পাদদেশে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। ঢাবির যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা প্রতীকের ‘আত্মহত্যার’ কারণ দ্রুত খুঁজে বের করতে তদন্ত কমিটির প্রতি আহ্বান জানান। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতেরও দাবি জানান তারা।  বাংলা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ‘সম্প্রতি শাবিপ্রবির ঘটনায় খোঁজ নিয়ে অনেক কিছু জানতে পেরেছি।  কিন্তু এই ঘটনাটি যদি আংশিক সত্য হয় তবে শিক্ষক নামের কেউ এই পদে থাকতে পারেন না। 

এজন্য তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘ভালো শিক্ষকের গুণ শিক্ষার্থীদের ভালোবাসা।

সেই বিচারে শাবির এইসব শিক্ষক আমার কাছে শূন্য নাম্বার পেয়েছেন। ’প্রতীক ঢাবি’র যোগাযোগ বৈকল্য বিভাগের সহকারী অধ্যাপক তাওহিদা জাহানের ছোটভাই।  গত ১৪ জানুয়ারি বিকেলে সিলেটের কাজলশাহ এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত