চিটাগংকে ১৫৮ রানের লক্ষ্য দিল রাজশাহী

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০৩:৩৮ পিএম

আট রানে নেই দুই উইকেট। বিপর্যয়ে ঠাণ্ডা মাথায় লড়ে গেলেন লরি ইভান্স। তার ব্যাটিং দৃঢ়তায় চিটাগং ভাইকিংসের বিপক্ষে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে রাজশাহী কিংস।

মিরপুর স্টেডিয়ামে বুধবার বিপিএলের প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের চিটাগংকে ১৫৮ রানের লক্ষ্য বেধে দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই খেই হারায় রাজশাহী। দলীয় আট রানে উইকেট ছাড়া হন টপ অর্ডারের দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও মার্শাল আইয়ুব। একপ্রান্ত আগলে রাখেন ইভান্স। এই ইংলিশ ব্যাটসম্যান রায়ান টেন ডেসকাটের সঙ্গে ৫৪ রানের জুটি গড়লে অনেকটা ঘুরে দাঁড়ায় রাজশাহী।

২০ বলে চার চারে ২৮ রান করা ডেসকাট আবু জায়েদ রাহির বলে ইয়াসির আলিকে ক্যাচ দিলে থামে এই জুটি। তৃতীয় উইকেট হারায় রাজশাহী। দুই অংকের ঘর স্পর্শ করার আগেই জাকির হাসান উইকেট ছাড়া হলে ৭২ রানে চতুর্থ উইকেট হারায় তারা।

অবিচল ইভান্স পঞ্চম উইকেটে ক্রিস্টিয়ান জনকারের সঙ্গে গড়েন ৭২ রানের জুটি। হালে পানি পায় রাজশাহী। অষ্টাদশ ওভারের পঞ্চম বলে দলীয় ১১৯ রানে ফেরেন ইভান্স। খালেদ আহমেদের বলে মুশফিকের হাতে ধরা পড়ার আগে ৭৪ রান করেন তিনি। তার ৫৬ বলের ইনিংসটিতে রয়েছে আট চার ও দুই ছক্কা।

শেষ দিকে দ্রুত গতিতে রান তুলেন জনকার ও মিরাজ। ষষ্ঠ উইকেটে ১৩ বলে ৩৮ রানে জুটি গড়েন তারা। ২০ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন জনকার। চার বলে ১০ রানে অপরাজিত থাকেন মিরাজ।

চিটাগংয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নেন খালেদ। একটি করে উইকেট নেন ফ্রাইলিঙ্ক, সানজামুল ও রাহি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত