ওয়ানডেতে নতুন মুখ নাঈম, ফিরলেন সাব্বির-তাসকিন

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০৬:০১ পিএম

নিউজিল্যান্ড সফরের জন্য ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডে দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। এ ছাড়া দলে ফিরেছেন সাব্বির রহমান ও তাসকিন আহমেদ।

বুধবার বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবদিন নান্নু। নিউজিল্যান্ডগামী ওয়ানডে দলে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, আবু হায়দার রনি ও আরিফুল হক।

শৃঙ্খলা ভঙ্গের কারণে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছিল সাব্বিরকে। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ছিল সেই নিষেধাজ্ঞা। সেই হিসেবে নিউজিল্যান্ড সিরিজের আগে নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা নয়। তবে নির্বাচকরা জানিয়েছেন, সাব্বিরের নিষেধাজ্ঞা কিছুটা কমানো হয়েছে।

এ দিকে ইনজুরির কারণে দলে জায়গা হারানো তাসকিন বিপিএলে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। টেস্ট অভিষেকে ইতিহাস গড়া নাঈমকে দেওয়া হচ্ছে ওয়ানডে জার্সি গায়ে জড়ানোর সুযোগ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকে সবচেয়ে কম বছর বয়সে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন নাঈম।

চলমান বিপিএল শেষ হতেই নিউজিল্যান্ডে পাড়ি দেবে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি হবে ওয়ানডে তিনটি।

এরপর হ্যামিল্টনে ২৮ ফেব্রুয়ারি প্রথম টেস্ট। ওয়েলিংটনে ৮ মার্চ দ্বিতীয় টেস্ট। ১৬ মার্চ ক্রাইস্টচার্চে তৃতীয় ও শেষ টেস্ট।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল:

মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, মোহাম্মদ মিথুন, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও সাব্বির রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত