পাওনাদারের টাকা ফেরত না দেয়ার অভিযোগে বলিউড তারকা শিল্পা শেঠির সপরিবারে আদালতে যেতে হচ্ছে বলে খবর পাওয়া গেছে। শিল্পার সঙ্গে তার মা ও বোনকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়, ফরহাদ নামে এক গাড়ি বিক্রেতা শিল্পা শেঠির পরিবারের কাছে ২১ লাখ টাকা আদায় করতে মামলার আশ্রয় নিয়েছেন। আগামী ২৯ জানুয়ারি শিল্পাসহ তার মা সুনন্দা শেঠি ও বোন শমিতা শেঠিকে আদালতে হাজির হতে হবে।
বিপদ যেন এই বলিউড সুন্দরীর পিছু ছাড়ছে না। ১৯৯৩ সালে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘বাজিগর’ দিয়ে বাজিমাত করে ক্যারিয়ার শুরু করলেও, বেশ অনেক দিন যাবৎ অনেকটাই নিষ্প্রভ শিল্পা। গোবিন্দ থেকে শুরু করে সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার, সালমান খান প্রমুখ নায়কের সঙ্গে একের পর এক হিট ছবি উপহার দিলেও, বর্তমানে কিছু টিভি রিয়্যালিটি শো ছাড়া আর কোথাও তার তেমন কোন উপস্থিতি নেই। সর্বশেষ ২০০৭ সালে ‘লাইফ ইন আ মেট্রো’ ছবির পর আর তাকে বড় পর্দায় দেখা যায়নি।
এ ছাড়া, শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ের পর আইপিএল-এর বেশ কিছু জটিলতায়ও ফেঁসে যান শিল্পা।
খবরে বলা হয়, গাড়ি বিক্রেতা ফরহাদ জানান- শিল্পার বাবা সুরেন্দ্র শেঠি ২১ লাখ টাকা ধার নিয়েছিলেন। ২০১৭ সালের জানুয়ারি মাসে সুদ-সহ সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল।
ফরহাদ জানান- শিল্পার বাবা সুরেন্দ্র শেঠিকে চেকের মাধ্যমে ‘করগিফসস’-এর নামে টাকাটা দেয়া হয়েছিল। সুরেন্দ্র শেঠির সঙ্গে ‘করগিফসস’-এর পার্টনার ছিলেন তার স্ত্রী ও দুই মেয়ে।
ফরহাদের অভিযোগ, ২০১৬ সালের অক্টোবর মাসে সুরেন্দ্র শেঠির মৃত্যু হওয়ায় নির্দিষ্ট সময়ে পাওনা টাকা ফেরত চাইলে শিল্পা ও পরিবার সেই ঋণের কথা অস্বীকার করেন। ফলে বিষয়টির সুরাহা করতে আদালতের দ্বারস্থ হন তিনি।
