নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞার মুখে পড়া হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুল ‘আপাতত’ ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন।
ভারতীয় বোর্ড পরিচালনাকারী দ্য কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুজনের বিরুদ্ধে তদন্ত এখন সুপ্রিম কোর্ট পরিচালনা করবে। এ জন্য একজন ন্যায়পাল নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে তারা জাতীয় দলে নির্বাচনের যোগ্য বলে বিবেচিত হবেন।
‘কফি উইথ করন’ শোয়ে মেয়েদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন হার্দিক এবং রাহুল। সেই জেরে ১১ জানুয়ারি দুজনকে নিষিদ্ধ করা হয়।
দুজনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে ১৭ জানুয়ারির শুনানিতে ন্যায়পাল নিয়োগ দেয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের। কিন্তু সেটি না করে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত কেসটি মুলতবি ঘোষণা করা হয়।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক ন্যায়পাল এপি শাহ পদত্যাগ করার পর থেকে এই পদটি খালি রয়েছে। ন্যায়পাল বা Ombudsman বলতে এমন একজন সরকারি মুখপাত্র বা কর্মকর্তাকে বোঝায়, যিনি সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করেন।
এনডিটিভি জানিয়েছে, নিউজিল্যান্ড সফরে থাকা ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন পান্ডিয়া। রাহুল ফিরতে পারেন ঘরোয়া লিগে।
