ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে শহীদ আসাদের অবদানের কথা উল্লেখ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘ইতিহাসে শহীদ আসাদকে যেভাবে আনা উচিত ছিল সেভাবে আমরা আনতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘আসাদ থেকে গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আসাদ বলেছিলেন আমি কৃষকদের সংগঠিত করব, সাধারণ মানুষদের নিয়ে অধিকার আন্দোলন করব। ঊনসত্তরে কৃষকদের হাট আন্দোলনের খবর নিয়ে আসাদ এসেছিলেন ঢাকাতে আমার (মেনন) সাথে দেখা করতে। পরে আন্দোলনে পুলিশের গুলিতে তিনিই খবর হয়ে গেলেন।’ মেনন বলেন, ‘আসাদের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, তার মৃত্যুতে গণ-অভ্যুত্থান রূপ নেয় গণ-আন্দোলনে। সেদিন আদমজী থেকে শুরু করে সারা দেশে শ্রমিকরা মাঠে নেমেছে, এমনকি হাইকোর্টের জজরাও মাঠে নেমেছিলেন। কিন্তু তার এই ইতিহাস বর্তমান যুগে সেভাবে আসছে না। তার এই ইতিহাসকে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের জানতে হলে পাঠ্যপুস্তকে যোগ করতে হবে। তাহলেই বর্তমান যুগের ছেলেমেয়েরা তার সঠিক ইতিহাস জানতে পারবে।’
×
