কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০৮:২৩ এএম

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হাবিবুর রহমান হুব্বা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়া আমবাগানের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত হুব্বা চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে থেকে ৮শ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

হুব্বা কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা সিরাজ মালিথার ছেলে।

কুষ্টিয়া মডেল থানার এসআই মনির হোসেন জানান, মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানতে পারেন ক্যানেলপাড়ায় একদল মাদক ব্যবসায়ী অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’পাশ থেকে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি করলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে নিহত ব্যক্তি শহরের চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হুব্বা। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন পুলিশের এই উপ-পরিদর্শক। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত