পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরলেন আমির

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০২:১৪ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন তারকা পেসার মোহাম্মদ আমির। পেসার ওয়াসেক মাহমুদের জায়গায় দলে নেওয়া হয়েছে তাকে।

গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কায় ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে মাঠে নেমেছিলেন আমির। সেই থেকে টি-টোয়েন্টি দলে আর ডাক পাননি বাঁহাতি এই বোলার।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

সিরিজটি সামনে রেখে শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। ক্যাপটাউনে ১ ফেব্রুয়ারি হবে প্রথম টি-টোয়েন্টি। সম্প্রতি অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি দলে একটি পরিবর্তনই এনেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্মেটে দারুণ ছন্দে আছে পাকিস্তান। সবশেষ নয় ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা। জয়ের ধারাবাহিকতা ধরে লক্ষ্যে দলে তেমন পরিবর্তন আনেননি পিসিবি চেয়ারম্যান ইনজামাম-উল-হক।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক,উইকেটকিপার), আসিফ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হুসেইন তালাত, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, সাহিবজাদা ফারহান, শাদাব ধান, শাহীন আফ্রিদি, শোয়েব মালিক, উসমান শেনওয়ারি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত