মৌলভীবাজারের রাজনগর উপজেলার চাঞ্চল্যকর সিএনজিচালিত অটোরিকশা চালক মোছাব্বির হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে ঘটনার দীর্ঘ ১৮ বছর পর মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামসাদ বেগম এ রায় ঘোষণা করেন।
রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন তাজুল ইসলাম, টিপু আহমদ, ফরমুজ মিয়া, নুর উদ্দিন এবং পলাতক বশির মিয়া ও খোরশেদ মিয়া।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৫ নম্বর রাজনগর ইউনিয়নের পাঠানটুলা গ্রামের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল মোছাব্বিরকে তার সিএনজিচালিত অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করা হয়।
এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় মোহাম্মদ ইয়াসিন খান বাদী হয়ে রাজনগর থানায় মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় পুলিশি তদন্ত, আইনি কার্যক্রম এবং ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সন্তোষ প্রকাশ করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী। তিনি জানান, দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকা মামলাগুলোর বিচার কার্যক্রম বর্তমান সরকারের আমলে ত্বরান্বিত হচ্ছে। এ ধরনের রায় প্রদানের ফলে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হচ্ছে এবং সাধারণ মানুষও তেমনটাই মনে করছে। আগামীতেও এ ধরনের রায়ের ধারাবাহিকতা বজায় থাকবে এবং অপরাধ করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। সব অপরাধীকে বিচারের আওতায় আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।