প্রায় ছয় লাখ টাকা দিয়েছিলেন। আইটেম গানে নাচার জন্য। প্রযোজক ভরত প্যাটেলের সেই টাকা নিয়ে ‘ডুব’ দিয়েছেন বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানি লিওন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সানি লিওন চুক্তি স্বাক্ষর বাবদ (সাইনিং মানি) টাকা নিয়ে ওই গানে আর অংশ নেননি। ভরত ফোন করলে রিসিভও করছেন না!
‘প্যাটেল কি পাঞ্জাবি শাদি’ ছবির একটি গানে নাচার কথা ছিল সানির। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ঋষি কাপুর এবং পরেশ রাওয়াল।
ভরত এক বিবৃতিতে বলেছেন, ‘চুক্তি অনুযায়ী সানি লিওনকে ৪০ লাখ রুপি দেওয়ার কথা ছিল। পাঁচ লাখ ছিল সাইনিং মানি। ৫ লাখ দেওয়ার কথা লুক টেস্টের পর। ১০ লাখ রিহার্সালের সময় আর ১০ লাখ প্রচারের সময়। বাকি ১০ লাখ সবকিছুর শেষে। কিন্তু সাইনিং মানি নেওয়ার পর শিডিউল ঠিক করতে তিনি আর আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। ফোন এবং মেসেজ দিলেও উত্তর দিচ্ছেন না।’
প্যাটেল জানান, এ নিয়ে ২০১৭ সালে সানিকে আইনি নোটিশও পাঠানো হয়। তারপরও জবাব দেননি।
সানি আবার ভিন্ন কথা বলছেন। তার এক মুখপাত্র ‘টাইমস নাউ’কে বলেন, ‘বেশ কয়েকবার তারিখ পেছানো হয়। যার কারণে ফ্রি সময়ে অন্য প্রজেক্টের কাজে হাত দেন অভিনেত্রী। তিনি পেশাদার মানুষ। এভাবে এলোমেলো তারিখ দিলে কীভাবে কাজ করবেন?’
