গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেছেন, ভুল রাজনীতির কারণে বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক দলকে এখন হারিকেন জ্বালিয়ে নেতৃত্ব খুঁজতে হয়। বিএনপি এতো ভ্রান্ত রাজনীতি করেছে এবং দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে যে এখন তাদের ভাড়ায় নেতা এনে দল চালাতে হচ্ছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার বেলা ১১ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি প্রধান খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত, দ্বিতীয় প্রধান তারেক জিয়াও দণ্ডপ্রাপ্ত। দল চালাতে ভাড়া করে ড. কামাল হোসেনকে নিয়ে আসা হয়েছে, তিনিও নির্বাচন করেননি। মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি তাদের বিপর্যয়ের অবস্থা বুঝতে পেরেই নির্বাচনে আসছে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের নির্বাচনে সবচেয়ে বড় অঙ্গীকার ছিল গ্রামের মানুষকে নগরের সুযোগ প্রদান করা। তাই শহরের মানুষের ন্যায় গ্রামের মানুষকে সবধরণের সেবামূলক সুযোগ-সুবিধা প্রদান করার জন্য আমরা কাজ করছি।
একজন মানুষও ক্ষুধার্ত থাকবে না, বস্ত্র বিহীন থাকবে না এবং রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত থাকবে না বলে ঘোষণা করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী।
এর আগে মন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় গোপালগঞ্জ গণপূর্ত জোনের কর্মকর্তাগণ এবং টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
