তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্যদের রাইড শেয়ার প্রশিক্ষণ দিয়ে প্রাথমিকভাবে মনোনীত ৫ জনকে মোটরসাইকেল দেবে উত্তরণ ফাউন্ডেশন।
শনিবার সকালে মগবাজার সেলিব্রেশন কমিউনিটি সেন্টারে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণকালে পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (প্রশাসন) ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্যরা আমাদের সমাজেরই অংশ। ২০১৩ সালে প্রধানমন্ত্রী তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদের স্বীকৃতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর আপ্রাণ চেষ্টায় তৃতীয় লিঙ্গের সদস্যদের দেশের অর্থনৈতিক উন্নয়নে যুক্ত করব আমরা। হিজড়াদের মান উন্নয়নের জন্য উত্তরণ ফাউন্ডেশন বেশ কিছু উদ্যোগ নিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার, রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার, আর্টিসান আউটফিটার্স লিমিটেডের এমডি আলী আহমেদ, উত্তরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়ক ও উত্তরণ ফাউন্ডেশনের সমন্বয়কারী এম এম মাহবুব হাসান প্রমুখ।
বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে আপনাদেরও উন্নয়ন হবে উল্লেখ করে তৃতীয় লিঙ্গের সদস্যদের উদ্দেশে ডিআইজি হাবিবুর রহমান বলেন, আপনারা সমাজের মূল ধারায় চলে আসবেন। আপনাদের যে কোন সহযোগিতায় আমরা এগিয়ে আসব। আপনারা নিজেদের হীনমন্যতা দূর করে সমাজের মূলধারায় নিজেদের সম্পৃক্ত করতে শিক্ষাগ্রহণ করছেন। আপনাদের কর্মসংস্থানের জন্য উত্তরণ ফাউন্ডেশন কাজ করছে।
তিনি আরও বলেন, উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে হিজড়াদের রাইড শেয়ারের প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে ৫ জনকে বাছাই করে মোটরসাইকেল কিনে দেয়া হবে। পরে তিনি ৩শ হিজড়ার মাঝে কম্বল বিতরণ করেন। কম্বল পেয়ে হিজড়ারা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
ঝুমা, সজিব, নিশাত, দিপালীসহ উপস্থিত বেশ কয়েকজন হিজড়া দেশ রূপান্তরকে বলেন, হাবিব স্যার আমাদের জন্য যা করছেন তা কখনো ভুলতে পারব না। রাইড শেয়ার প্রশিক্ষণ দিয়ে আমাদের মোটরসাইকেল কিনে দেবেন এর চেয়ে খুশির খবর আর কিছু হতে পারে না। আমাদের ভাগ্য উন্নয়নের জন্য হাবিব স্যারসহ উত্তরণ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। আমরা সমাজের বোঝা হয়ে থাকছি না, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি।
