আফ্রিদি-শচীনের রেকর্ড ভেঙে দিলেন নেপালি কিশোর!

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ০৯:৩৬ পিএম

বিশ্ব রেকর্ড গড়লেন, সেটিও আবার শহীদ আফ্রিদি, শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বছর বয়সে ফিফটি করার কীর্তি গড়েছেন নেপালের কিশোর। ১৬ বছরের রোহিত পাউদেল ভেঙেছেন আফ্রিদির গড়া ওয়ানডে রেকর্ড। সব ফরম্যাট মিলে যে রেকর্ডে পেছনে চলে গেলেন শচীন টেন্ডুলকারও।

এত দিন ওয়ানডেতে সব সবচেয়ে কম বছর বয়সে অর্ধশতক হাঁকানোর বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন আফ্রিদি। শনিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৩ বছরের পুরোনো সেই রেকর্ড ভেঙে দিয়েছেন পাউদেল।

দুবাইয়ে আইসিসির একাডেমি মাঠে মাত্র তৃতীয় ওয়ানডে খেলতে নামা পাউদেল ১৬ বছর ১৪৬ দিন বয়সে ফিফটির কীর্তি গড়েছেন। সাত নম্বরে ব্যাট করতে নেমে খেলেছেন ৫৮ বলে ৫৫ রানের ইনিংস। সাত চারে নিজের ইনিংস সাজান পাউদেল। এই কিশোরের ব্যাটে ভর করে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪২ রান করে নেপাল।

টেস্টে ১৯৮৯ সালে ১৬ বছর ২১৩ দিন বয়সে পাকিস্তানের বিপক্ষে ৫৯ রানের ইনিংস খেলেছিলেন শচীন। যা ওই ফরম্যাটে এখনো পর্যন্ত বিশ্ব রেকর্ড। পাকিস্তানি কিংবদন্তি আফ্রিদি ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ বছর ২১৭ দিন বয়সে মাত্র ৩৭ বলে সেঞ্চুরির কীর্তি গড়েন। ১০২ রানে ইনিংস খেলেছিলেন সেদিন। সেই ইনিংস এত দিন পর্যন্তও ওয়ানডেতে সবচেয়ে কম বয়সে অর্ধশতককারীর তালিকায়ও শীর্ষে রেখেছিল আফ্রিদিকে। অবশেষে সেটি ভাঙলেন পাউদেল।

গেল আগস্টে মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় পাউদেলের। মূলত ব্যাটিং অলরাউন্ডার। ডানহাতি ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতি মিডিয়াম পেস করে থাকেন। ওয়ানডেতে চতুর্থ সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল তার। ২০০২ সালের ২ সেপ্টেম্বর নেপালের নওয়ালপারাসিতে জন্ম পাউদেলের।

গেল বছর ওয়ানডে মর্যাদা পাওয়া নেপালের হয়ে পাউদেল কি বড় তারকা হয়ে উঠতে পারবেন ভবিষ্যতে? আফগানিস্তানের মতো দেশের তারকা হয়েও যেমনটা করে দেখাচ্ছেন রশিদ খান।

পাউদেলের রেকর্ডের দিনে ১৪৫ রানে বড় জয় পেয়েছে নেপাল। সম্পাল কামি ৫ উইকেট ও সন্দিপ লামিচানে ৪ উইকেট শিকার করে আমিরাতকে গুঁড়িয়ে দেন মাত্র ৯৭ রানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত