উল্টো পথে মোটরসাইকেল নিয়ে যেতে বাধা দেওয়ায় সিলেটে ট্রাফিক পুলিশের সদস্য মোহাম্মদ আলীকে পিটিয়ে আহত করেছেন পল্লী সঞ্চয় ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক বিএম তানজিল আহমদ।
শনিবার সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে। হামলাকারী বিএম তানজিলকে পুলিশ আটক করেছে।
পুলিশসূত্রে জানা যায়, সন্ধ্যার পর বিএম তানজিল মোটরসাইকেল চালিয়ে নগরীর চৌহাট্টা থেকে জিন্দাবাজারের দিকে রওনা হন। এই সড়কটি ওয়ানওয়ে হওয়ায় তার মোটরসাইকেলটির গন্তব্য ছিল উল্টো। এ কারণে চৌহাট্টা মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য মোহাম্মদ আলী তাকে বাধা দেন।
এ নিয়ে দুজনের মধ্যে বিতণ্ডা হয়। একপর্যায়ে বিএম তানজিল ট্রাফিক পুলিশের হাতের লাঠি কেড়ে নিয়ে তাকে বেধড়ক মারপিট শুরু করেন। তখন পুলিশের অন্য সদস্যরা দ্রুত এগিয়ে এসে তানজিলকে আটক করেন।
আহত মোহাম্মদ আলীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ জানান, হামলার ঘটনায় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
