প্রেস ক্লাবে অলি খালেদা একটি টাকাও দুর্নীতি করেননি

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০৩:১০ এএম

এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর-বিক্রম বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে রেখে শুধু তাকে নয়, পুরো জাতীয়তাবাদী শক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। তিনি বলেন, দণ্ডপ্রাপ্তরা মুক্তি পাচ্ছে। হাজার হাজার কোটি টাকা লুটকারীদের বিচার হচ্ছে না। অথচ যিনি একটি টাকাও দুর্নীতি করেননি তাকে জেলে রাখা হচ্ছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে ২০-দলীয় জোটপ্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে লেবার পার্টির সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন। অলি আহমদ বলেন, যে টাকা দুর্নীতির দায়ে খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে, তা তিনি দেখেনও না। আসলে তাকে নয়, শাস্তি দেওয়া হচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে। কারণ জাতীয়তাবাদী শক্তি ধ্বংস হলে বর্তমান সরকার ইচ্ছামতো কাজ করতে পারবে। তিনি বলেন, স্বাধীন দেশে ক্ষমতাসীন ও আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার করছে, পাকিস্তানি স্বৈরশাসকরাও তা করেননি। একাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে এলডিপি চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। আমরাও বিশ্বাস করেছিলাম। কিন্তু এ ধরনের ডাকাতি হবে এটা জানলে নির্বাচনে যেতাম না। তিনি আরও বলেন, ৩০ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করেছে। আর আসল ভোট ডাকাতি করিয়েছে প্রশাসনকে দিয়ে। লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সমাবেশে কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল সৈয়দ ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত