আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগ জিতবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ষাটের দশকে ডাকসুর সহসভাপতি (ভিপি) পদে থাকা তোফায়েল বলেন, ‘ছাত্রলীগের মাঝে যে ঐক্য দেখেছি, আমি বিশ্বাস করি ৬৭-৬৮ সালের মতো আবার ছাত্রলীগ ডাকসুর নেতৃত্ব দেবে।’
জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করা হয়। গতকাল অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সাইফুর রহমান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ। ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার যে সংগ্রাম তা বাস্তবায়ন করছেন তারই কন্যা শেখ হাসিনা। এবারের নির্বাচন ১৯৭০ সালের গণজোয়ারের মতো হয়েছে।’
