“সারা বিশ্বে ধর্মের নামে মানুষ একে অপরকে খুন করছে। পৃথিবীতে শান্তি প্রয়োজন। কিন্তু এই একুশ শতকেও রাজনাীতি ধর্মনির্ভর এবং রাজনীতিকরা ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন।” এভাবে ধর্মের নামে রাজনীতি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে সরব হলেন উস্তাদ আমজাদ আলী খান।
কলকাতায় টাটা স্টিল আয়োজিত একটি সাহিত্যসভায় বার্তা সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এইসব কথা বলেন পদ্মবিভূষণ পুরস্কার পাওয়া বিশ্ববিখ্যাত সরোদবাদক।
তিনি আরও বলেন, “একুশ শতক শান্তিপূর্ণ হবে এমনই আশা ছিল। কিন্তু এটাই গোটা পৃথিবীর জন্য সবচেয়ে খারাপ সময়ে পরিণত হয়েছে। এক দেশের মানুষ অন্য দেশে যেতে ভয় পাচ্ছে। কারোর কোনো নিরাপত্তা নেই।”
নিজের বাবা হাফিজ আলী খানের বক্তব্য স্মরণ করে আমজাদ বলেন, “আমাদের সবার একজনই স্রষ্টা এবং আমরা সবাই একটাই জাতি। সব ধর্মের প্রধানেরা যদি এই বার্তা দিতেন, কতই না ভালো হতো।”
কোনো নাম উল্লেখ না করেই তিনি বলেন, “গবেষকদের মধ্যে আজকাল কট্টরপন্থা বাড়ছে। ফলে দেখা যাচ্ছে শিক্ষাও আমাদের মধ্যে মমত্ববোধ, মানবিকতা জাগিয়ে তুলতে পারছে না।”
পৃথিবীতে শান্তি বজায় রাখার দায়িত্ব প্রত্যেকটি মানুষের রয়েছে বলে মন্তব্য করেছেন ৭৩ বছর বয়সী কিংবদন্তি সরোদবাদক।
কয়েক বছর আগে ভারতে অসহিষ্ণুতা বাড়ছে মন্তব্য করে বিতর্ক উসকে দেন অভিনেতা আমির খান। তিনি জানান, যা পরিস্থিতি তাতে স্ত্রী-সন্তানদের দেশে রাখতেই ভয় পাচ্ছেন। আমিরের ওই মন্তব্য নিয়ে দুভাগ হয়ে যায় বলিউড।
এদিকে মাসখানেক আগে ধর্মের নামে রাজনীতি ও সমাজে অসহিষ্ণুতা নিয়ে প্রশ্ন তোলেন নাসিরউদ্দিন শাহ। তিনি বলেন, “কোনো দিন যদি লোকজন আমার ছেলে-মেয়েদের ঘিরে ধরে জিজ্ঞাসা করে তোমার ধর্ম কী তাহলে তার উত্তর তারা দিতে পারবে না। কারণ তাদের আমি কোনো ধর্মীয় পরিচয়ে বড় করিনি।” এ নিয়েও কম জল ঘোলা হয়নি।
